রাস্তায় বেড়া,পাঁচ মাস অবরুদ্ধ একটি পরিবার

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২২:১২

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদিখানে চলাচলের একটি রাস্তা বন্ধ করে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের হরি পাল, শংকর পাল, স্বপন পাল, রতন পাল, দীন মোহাম্মদ, এ টি এম রুহুল আমিন গংদের বিরুদ্ধে গত পাঁচ মাস যাবত্ পূর্বশত্রুতার জেরে বাড়ি থেকে রাস্তায় বের হওয়ার ও চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে অবরুদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছেন একই গ্রামের মৃত সিদাম পালের ছেলে কেশব চন্দ্র পাল। এ বিষয়ে কেশব চন্দ্র পাল জানান, তিনি প্রতিকারের দাবিতে লিখিত অভিযোগ করেছেন রাষ্ট্রপতি, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজদিখান থানা, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর।

অভিযোগ থেকে জানা যায়, দুনিয়াপাড়া গ্রামের এ টি এম রুহুল আমিন গংয়ের সঙ্গে কেশব চন্দ্র পালের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে এ টি এম রুহুল আমিনের নেতৃত্বে রাস্তায় বালু ফেলে এবং বাঁশের বেড়া দিয়ে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে তাদের অবরুদ্ধ করে রেখেছে।

সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার সেকান্দর আলী জানান ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। দুই পক্ষকে থানায় ডেকে মীমাংসার চেষ্টা করব।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।