সাভারে পোশাক কারখানার গুদামে ও ঘিওরে বাড়িতে আগুন

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২২:১৩

ইত্তেফাক ডেস্ক

সাভারে ও মানিকগঞ্জের ঘিওরে পৃথক দুইটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর সংশ্লিষ্ট স্টাফ রিপোর্টার ও সংবাদদাতার। সাভার থেকে স্টাফ রিপোর্টার জানান, আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে আশুলিয়ার জিরাবো এলাকার সিলভার অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানার সপ্তম তলার গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ভোর ৫টার দিকে আগুন লাগে এবং ৭টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়। ডিইপিজেড ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাভার থেকে আরো তিনটি এবং উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ঘিওরের বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামের পূর্বপাড়ায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে গরু ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এতে ঘর ও একটি গরুসহ মালামাল পুড়ে যায়। এ ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়েছে। সংবাদ পেয়ে ঘিওর থানা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বড়টিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ হোসেন বাবর জানান, ক্ষতিগ্রস্তরা যাতে সরকারি সহযোগিতা পায় এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করি এবং ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু সম্ভব সহায়তা করা হবে।