ইত্তেফাক রিপোর্ট
‘আমি আর বাঁচতে চাই না’ ফোনে ছোট বোনকে এমনটি বলেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন জামেনা বেগম (১৯) নামে এক গৃহকর্মী। গত শুক্রবার রাত ১২টার দিকে সিদ্ধেশ্বরী রোডের ২৬৫-২৬৬ নম্বর বাড়ির ১২/বি ফ্ল্যাটে তার থাকার রুমের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করতে পারেনি কেউ।
জানা গেছে, অবিবাহিত জামেনা গত ছয় মাস ধরে ঐ ফ্ল্যাটে আক্তারুজ্জামান চৌধুরীর বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল। আসন্ন ঈদের পর তার বিয়ে হওয়ার কথা ছিল। মৃতের বোন আয়শা জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায়। তার বাবার নাম কাজিম উদ্দিন। তারা চার বোন। তিনি বাড়িতে থাকেন। বোনের মৃত্যুর খবরে গতকাল ঢাকায় আসেন। ঈদের পরই জামেনার পছন্দের ছেলের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল।
রমনা থানার এস আই বিপ্লব সরকার জানান, ঢাকা মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত শেষে গতকালই স্বজনরা মরদেহ নিয়ে গেছেন। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মৃত জামেনার শরীরেও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
