বর আব্বাস মণ্ডলের বয়স ৩০ হলেও উচ্চতা ৩ ফুট ৪ ইঞ্চি এবং কনের বয়স ১৮ হলেও উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চি। শুক্রবার রাতে তাদের বিয়ে হয়েছে। বরের বাড়ি ঝিনাইদহ জেলার আউশিয়া গ্রামে। কনের বাড়ি লক্ষ্মণদিযা গ্রামে। খর্বাকৃতি এ নব দম্পতিকে দেখতে গ্রামের মানুষ ভিড় করছে। কেউ কেউ দোয়া করে বউয়ের মুখ দেখে টাকা দিচ্ছেন।
বরের বাবা আজিবর মণ্ডল খর্বকায় ছেলের জন্য পাত্রী পাচ্ছিলেন না। আবার কনের বাবা ইউনুস আলিও খর্বকায় মেয়ে মিম খাতুনের জন্য পাত্র খোঁজ করছিলেন। অবশেষে পাত্রের খোঁজ পান। তারপর দুই পক্ষ বসে বিয়ের দিনক্ষণ ঠিক করেন। শুক্রবার বর আব্বাস মণ্ডল বরযাত্রীসহ মাইক্রোবাসযোগে কনের বাড়ি যান। বিয়ের পর কনেকে নিয়ে রাতেই বাড়ি ফিরে আসেন। বরের মা সালেহা বেগম ছেলের বউকে পেয়ে খুশি। তিনি সকলের কাছে নব দম্পতির জন্য দোয়া কামনা করেন। গ্রামের আমজাদ আলি বলেন, নতুন বউয়ের মুখ দেখে ৫০ টাকা দিয়ে দোয়া করেছেন। তাদের দেখতে বড় পুতুলের মতো।
