মিরকাদিমের মেয়রের দগ্ধ স্ত্রী মারা গেছেন

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২২:৪১

মুন্সীগঞ্জ প্রতিনিধি

নিজ বাসভবনে বিস্ফোরণে দগ্ধ মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা মেয়র হাজি আব্দুস ছালামের স্ত্রী কানন বেগম (৪০) শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা জানান। পৌরসভার রামগোপালপুরের নিজ বাসভবনে মঙ্গলবার রাতে বিস্ফোরণে মেয়রের স্ত্রীসহ ১৩ জন দগ্ধ হন। ৪র্থ তলা ভবনের তৃতীয় তলায় এই বিস্ফোরণে জানালার গ্লাস ও দরজা ভেঙে যায়। ঐ রাতেই কানন বেগমসহ ১২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

কানন বেগমের শরীরের ৬০ শতাংশ ঝলসে যাওয়ার কারণে অবস্থার অবনতি ঘটলে শুক্রবার তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয় বলে মেয়র পুত্র মো. মানিক সালাম জানান। একপর্যায়ে গতকাল দুপুরে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেয়রের বাড়িতে কান্নার রোল পড়ে যায়। স্বজনদের আহাজারিতে হূদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এদিকে পৌরসভার স্টাফ মনির হোসেনসহ দুই জন এখনো হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। বাকি ৯ জনকে চিকিত্সা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান।