আওয়ামী লীগ নেতার বাসায় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২২:৪৫

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের এক নেতার বাসা থেকে গতকাল শনিবার হাসান আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সুদের টাকার দাবিতে ঘরে আটকে রেখে ঐ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মাসুদ রানা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক। জেলা শহরের খানকা শরিফ সংলগ্ন সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে। হাসান আলী জেলা শহরের একজন জুতা ব্যবসায়ী।

এলাকাবাসী জানায়, মাসুদ রানা এলাকায় উচ্চহারে সুদে টাকা লাগিয়ে থাকেন। মাসুদ রানা দাদনের পাওনা টাকার জন্য বেশকিছু দিন ধরে হাসান আলীকে তার বাসায় আটকে রাখেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠকও হয়।

হাসান আলীর ভায়রা ভাই মামুনুর রশিদ অভিযোগ করে জানান, আর্থিক লেনদেনের জের ধরে হাসানকে গত ৫ মার্চ মোবাইল ফোনে ডেকে নেন মাসুদ রানা। পরে হাসানের কাছে ১৯ লাখ ৩২ হাজার টাকা পাবেন বলে তাকে নিজ বাড়িতে আটকে রাখেন মাসুদ। তিনি বলেন, এরপর হাসান আলীর স্ত্রী বীথি বেগম গত ৬ মার্চ গাইবান্ধা সদর থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেন। পরে থানায় একটি সালিশ বৈঠক হয়। কিন্তু কোনো সমাধান না হওয়ায় তাকে আবারও মাসুদ রানা নিজ বাড়িত নিয়ে যান। শনিবার তারা খবর পান যে হাসানকে পিটিয়ে মেরে মাসুদ রানা লাশ ঝুলিয়ে রেখেছেন।

গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজার রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। তবে হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।