প্রিন্স ফিলিপের (ডিউক অব এডিনবার্গ) মৃত্যুতে তার স্ত্রী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, পৃথক দুটি শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রিন্স ফিলিপের মৃত্যুতে বাংলাদেশের জনগণ, সরকারের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণের কাছে প্রিন্স ফিলিপ সর্বদা দায়িত্ব ও সম্মানের উদাহরণ হয়ে থাকবেন। ব্রিটেনের রানিকে উদ্দেশে করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আপনার ঐতিহাসিক দুটি সফরের কথা স্মরণ করছি। যেখানে আপনার সঙ্গী ছিলেন এডিনবার্গ। শেখ হাসিনা বলেন, প্রিন্স ফিলিপের মৃত্যু বাংলাদেশ এবং ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি একজন সত্যিকারের বন্ধুকে হারিয়েছে।
প্রিন্স ফিলিপের মৃত্যুতে বাংলাদেশের জনগণ, সরকার এবং নিজের পক্ষ থেকে শোক জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে আলাদা আরেকটি শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে প্রিন্স ফিলিপের সফর এবং সে সময় তিনি বাংলাদেশের অনেক মানুষের হূদয় স্পর্শ করেছেন আমরা সেই স্মৃতিকে লালন করি। বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রিন্স ফিলিপের অবদানের কথা স্মরণ করেন শেখ হাসিনা।
