বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জাতীয় নেতা মহিউদ্দিন আহম্মেদের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিকালে ঢাকার ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের নিজ বাস ভবনে ও গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিশাখালী মিয়া বাড়িতে মহিউদ্দিন আহম্মেদ স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রয়াত মহিউদ্দিন আহমেদ ১৯২৫ সালের ১৫ জানুয়ারি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রামের সম্ভ্রান্ত মিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রাক্তন এমএলসি প্রয়াত আজাহার উদ্দিন মিয়া। প্রয়াত মহিউদ্দিন আহমেদ ব্রিটিশবিরোধী আন্দোলন, মাতৃভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের সংগঠক ছিলেন। পূর্ব পাকিস্তানে ও বাংলাদেশে অনুষ্ঠিত সব রাজনৈতিক আন্দোলনে তিনি যুক্ত ছিলেন।
