জামালপুর প্রতিনিধি
জামালপুরে বিএডিসির চলতি অর্থবছর বীজ আলুর দাম বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন চুক্তিবদ্ধ চাষিরা। রবিবার দুপুরে জামালপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও পরে প্রেস ক্লাবসংলগ্ন সড়কে মানববন্ধন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাষিরা বলেন, চলতি অর্থবছর বিএডিসির দেওয়া বীজ আলু ও প্রত্যায়িত আলু বীজের মান খারাপ থাকায় লক্ষ্যমাত্রা থেকে কম বীজ আলু সংগ্রহ করা সম্ভব হয়েছে। তাই প্রতি কেজি আলু উত্পাদন খরচ হয়েছে ৩০ টাকা। কিন্তু স্থানীয় বিএডিসি কর্তৃপক্ষ প্রতি কেজি বীজের আলু যে দাম নির্ধারণ করেছে তাতে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর কাছে প্রতি কেজি আলু বীজের দাম ৩৭.৫০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন।
