বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে এ বছর ঘরোয়া ও সীমিতভাবে পাহাড়িদের প্রাণের উত্সব বৈসাবী আজ ১২ এপ্রিল সোমবার থেকে শুরু হচ্ছে। করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই পাহাড়ের এ প্রধান উত্সব ব্যাপক থেকে সীমিত হয়ে পড়েছে বাড়িতে বাড়িতে। গত বছর করোনার কারণে উত্সব পালিত হয়নি। চৈত্র-সংক্রান্তিতে বাংলা বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে এই উত্সব পালন করা হয়। মহামারি করোনার কারণে এবার বৈসাবির মঙ্গল শোভাযাত্রা, ফুল ভাসানো, জলকেলি, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পার্বত্য জেলা পরিষদের বৈসাবীর সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং মারমা জানান, সাংগ্রাই উত্সব এবার পারিবারিকভাবে উদ্যাপনের জন্য বলা হয়েছে। জেলা প্রশাসক ইয়াছামিন পারভীন তিবরীজি বলেছেন, সীমিত পরিসরে বাড়িঘরে যে যার মতো নববর্ষ ও বৈসাবি উত্সব করবেন। তবে সেখানেও সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
