কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২১:৫৮

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

দৌলতপুরের ভারত সীমান্তসংলগ্ন জামালপুর এলাকায় সত্-ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মাদক মামলার আসামি ফামিদ হোসেন (৪৫) নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউপির জামালপুর উত্তরপাড়া গ্রামের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। থানাপুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর উত্তরপাড়া গ্রামের নান্দু মণ্ডলের ছেলে ফামিদ হোসেন সকালে বাড়ির পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল। এ সময় তার সত্-ভাই মিলন হোসেন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, নিহত ফামিদের বিরুদ্ধে থানায় মাদক, লুটতরাজসহ একাধিক মামলা আছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।