বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাতের ছড়া থেকে ফয়ছল (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চাঁদপুর জেলার নোয়াগাঁও গ্রামের আলী আকবরের ছেলে। রবিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাধবকুণ্ড খাসিয়া পুঞ্জি সংলগ্ন মাধবকুণ্ড ছড়ায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, যুবকের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গোমস্তাপুরে কৃষকের
লাশ উদ্ধার
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, গোমস্তাপুরে জয়নাল আবেদিন (৫৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে বাঙ্গাবাড়ী ইউনিয়নের কোড়িয়া বিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জয়নাল ঐ এলাকার গোয়ালমোড় গ্রামের মৃত খাবুরুদ্দিনের ছেলে। মৃত পরিবার সূত্রে জানা গেছে, জয়নাল শনিবার সকালে বাঙ্গাবাড়ী ইউনিয়নের কোড়িয়া বিল এলাকার নিজ জমিতে সেচপানি দিতে যায়। বিকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে জমিতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। গোমস্তাপুর নেসকো লিমিটেডের বাঁশের খুঁটি দিয়ে যাওয়া ঝুলন্ত তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীর ধারণা। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিম রেজা কৃষকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
