মান্দা (নওগাঁ) সংবাদদাতা
মান্দায় মদ্যপ অবস্থায় এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার দায়ে চন্দন কুমার প্রামাণিক (৩৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত চন্দন প্রামাণিক উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়মুল্লুক গ্রামের অমূল্য চন্দ্র প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, চন্দন কুমার মদ্যপ অবস্থায় জয়বাংলার মোড়ে জুয়েলের দোকানে মুক্তিযোদ্ধা সন্তোষ প্রামাণিককে অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত করে। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক বলেন, মদ পান করে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অপরাধ স্বীকার করায় চন্দন কুমারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
