মঠবাড়িয়ায় অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২২:০০

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় চল্লিশোর্ধ বয়সি অজ্ঞাত এক পুরুষকে হত্যার পর লাশ বালুর স্তূপের ভেতর লুকিয়ে রাখে দুর্বৃত্তরা। পুলিশ রবিবার দুপুরে উপজেলার মঠবাড়িয়া-চরখালী সড়কের মুসল্লীবাড়ি বাসস্ট্যান্ডের কাছে স্থানীয় ইউসুফ মাতুব্বরের নির্মাণ স্থগিত একটি বাড়ির বালুর স্তূপ থেকে অজ্ঞাত লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে। এসময় লাশের পরনে কালো গেঞ্জি ও প্যান্ট ছিল। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ জ ম মানসুদুজ্জামান মিলু বলেন, বালুর স্তূপের ভেতর থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মেলেনি। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ বালুর ভেতর লুকিয়ে রাখে। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।