নারায়ণগঞ্জ ও শ্রীপুরে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২২:০৩

ইত্তেফাক ডেস্ক

রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জ ও শ্রীপুরে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে মত্স্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর। খবর আমাদের স্টাফ রিপোর্টার ও সংবাদদাতাদের।

নারায়ণগঞ্জ :পবিত্র রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জে কৃষক ও খামারিদের সহযোগিতায় মাসব্যাপী ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে জেলা মত্স্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর। রবিবার সকালে নগরীর চাষাঢ়ায় জিয়া হলের সামনে ভ্রাম্যমাণ বাজারের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাসনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন জেলা মত্স্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের অন্য কর্মকর্তারা। পুরো রমজান মাস জুড়ে এ কার্যক্রম চলবে। জেলা মত্স্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার জানান, কৃষক ও খামারিদের কাছ থেকে সরাসরি দুধ, ডিম এবং সব ধরনের মাংস এনে সাধারণ মানুষের মধ্যে স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ ভোক্তাদের পাশাপাশি ন্যায্য দাম পাবেন খামারিরাও।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) :দেশব্যাপী করোনা পরিস্থিতি ও আসন্ন রমজান উপলক্ষ্যে জনসাধারণের পুষ্টি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু কাউছার, উপজেলা কৃষি অফিসার কাজী আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, এলইও এনএটিপি ডা. বিকাশ রায়, এলইও এলডিডিপি ডা. শুভ্র সরকার, বাংলাদেশ ডেনরী ফারমার্স অ্যাসোসিয়েশন আড়াইহাজার উপজেলা সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক হাজি আয়ুবুর রহমান প্রমুখ।

শ্রীপুর (গাজীপুর) :গাজীপুরের শ্রীপুরে কোভিড-১৯ পরিস্থিতি ও রমজান উপলক্ষ্যে জনসাধারণের পুষ্টি নিশ্চিতকরণে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হয়েছে। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন। শ্রীপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ও শ্রীপুর পোলট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশনের বাস্তবায়নে এবং শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে প্রতিদিন লাল ডিম প্রতি হালি ২৬ টাকা, সাদা ডিম ২২ টাকা হালি, প্রতি লিটার দুধ ৬৫ টাকা এবং ব্রয়লার মাংস প্রতি কেজি ১৪০ টাকা দরে গ্রাহকরা সংগ্রহ করতে পারবেন।