ইত্তেফাক রিপোর্ট
উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)-এর ২ হাজার উদ্যোক্তাকে অনুদান দেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা করে। উইয়ের থেকে ১০০ জনের তালিকা করে ২৫ লাখ টাকা পর্যন্ত মাত্র ৪ শতাংশ সুদে বিশেষ বিনিয়োগ করবে আইটি ডিভিশন। গত শনিবার উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)-এর আয়োজনে বায়ার সেলার মিটের সমাপনী অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী পলক এ সময় উইয়ের মাধ্যমে লজিস্টিকস সেবা চালু ও সহজতর করার বিষয় জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উইয়ের গ্লোবাল অ্যাডভাইজার সৌম্য বসু, উইয়ের উপদেষ্টা জাহানুর কবির সাকিব, উইয়ের ডিরেক্টর শেখ লিমা এবং উইয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা।
জুনাইদ আহমেদ পলক এমপি আরো বলেন, উইয়ের বায়ার সেলার মিটের মতো উদ্যোগগুলোর প্রাতিষ্ঠানিক রূপ আসবে ভবিষ্যতে, উইয়ের সদস্যদের জন্য টেকনোলজি, ট্রেনিং, ট্রেড লাইসেন্স এবং সবাইকে এক করে কাজ করাটা ভীষণভাবে জরুরি। প্রতিমন্ত্রী পলক আরো বলেন, ‘আমাদের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত যাতে ব্যবহার করতে পারে উই সদস্যরা, সেটা নিয়ে কাজ চলছে। দেশের ৫৫০টি ডিজিটাল সার্ভিস এম্পলয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টার হতে যাচ্ছে, যার মাধ্যমে উইয়ের উদ্যোক্তারা কাজ সহজে করতে পারবেন।
