টঙ্গীতে লিফটের নিচ থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২২:০৪

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের টঙ্গীতে একটি বাড়ির লিফটের নিচ থেকে কাজী আব্দুল হালিম (৪৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার বিকালে গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, হত্যার পর ঐ ব্যক্তির লাশ লিফটের নিচে রেখে যায় দুর্বৃত্তরা।

নিহত কাজী আব্দুল হালিম বগুড়া জেলার শিবগঞ্জ থানার চাপাচিল গ্রামের মৃত মিমির আলীর ছেলে। থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক কায়সার আহমেদ লাশ উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ বাড়ির তত্ত্বাবধায়ক লিটন ও শরিফকে আটক করেছে।

পুলিশ জানায়, নিহত হালিম পেশায় একজন ঝুট ব্যবসায়ী। তিনি গাজীপুরা পশ্চিম পাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। গত বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকালে লাশটি পচে দুর্গন্ধ বের হলে বাড়ির বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ তার লাশ উদ্ধার করে।