রয়েলটি ও অন্যান্য ফি বিদেশে পাঠানো সহজ হলো

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

রয়েলটি, টেকনিক্যাল নলেজ বা টেকনিক্যাল নো-হাউ ফি, টেকানিক্যাল অ্যাসিসটেন্ট ফি এবং ফ্রানচাইজি ফি বিদেশে পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) জারিকৃত গাইডলাইনের বিধিবিধান অনুসরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বিডার গাইডলাইন অনুযায়ী রয়েলটি, টেকনিক্যাল নলেজ বা টেকনিক্যাল নো-হাউ ফি, টেকানিক্যাল অ্যাসিসটেন্ট ফি বাবদ অর্থ নতুন প্রকল্পের ক্ষেত্রে আমদানিকৃত যন্ত্রপাতির সিঅ্যান্ডএফ মূল্যের ৬ শতাংশ বিদেশে প্রেরণযোগ্য হবে। বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত প্রকল্পের ক্ষেত্রে আয়কর বিবরণীতে ঘোষিত বিগত বছরের বিক্রয়ের (ভ্যাট ব্যতীত) ৬ শতাংশ অর্থ এসব খাতে ব্যয় নির্বাহে বিদেশে প্রেরণ করা যাবে।

এসব ব্যয় ছাড়াও ফ্রানচাইজি ফি ও ঠিকাদারের অনুকূলে ফি প্রেরণের বিষয়ে নির্দেশনা রাখা হয়েছে। পাশাপাশি অগ্রিম ফি পরিশোধের ব্যবস্থাও রয়েছে। অগ্রিম ফি পরিশোধের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় অনুসৃত নির্দেশনা পরিপালন করতে হবে বলে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়েছে। বিডার গাইডলাইন অনুযায়ী ফি প্রেরণের ক্ষেত্রে রেমিট্যান্স প্রেরণকারীকে একটি মাত্র অনুমাদিত ডিলার ব্যাংক নির্ধারণ করতে হবে মর্মে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে। রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে প্রযোজ্য উেস কর, ভ্যাট ও অন্যান্য সরকারি পাওনা আদায় ও পরিশোধ করতে হবে।

বিডার জারি করা গাইডলাইন বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, আলোচ্য গাইডলাইনের আওতায় বিডার কেস টু কেস অনুমোদন ছাড়াই রয়েলটি, টেকনিক্যাল নলেজ, প্রভৃতি ফি বাবদ আবশ্যকীয় ব্যয় বিদেশি সরবরাহকারীকে পরিশোধ করা সহজ হবে।