ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশের (লিন্ডে বিডি) ২০২০ সালের ব্যবসায় আগের বছরের তুলনায় নিট মুনাফা কমেছে ১৩ শতাংশ। তবে কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ ঘোষণার পরিমাণ কমিয়েছে আরো বেশি। ফলে শেয়ারটি দর পতনে লেনদেন হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লিন্ডে বিডির ২০১৯ সালে শেয়ারপ্রতি ৮০.৯২ টাকা হিসেবে মোট ১২৩ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকার নিট মুনাফা হয়। যার পরিমাণ ২০২০ সালের ব্যবসায় কমে এসেছে শেয়ারপ্রতি ৭০.৫৫ টাকা করে মোট ১০৭ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা। এ হিসেবে নিট মুনাফা কমেছে ১৫ কোটি ৭৭ লাখ ৯০ হাজার বা ১৩ শতাংশ। এই মুনাফা পতনের সঙ্গে সঙ্গে কোম্পানিটির পর্ষদ আগের বছরের ৫০০ শতাংশ থেকে কমিয়ে ২০২০ সালের জন্য ৪০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে ৬০ কোটি ৮৭ লাখ ৩১ হাজার টাকার নগদ লভ্যাংশ বিতরণ করবে। মুনাফার বাকি ৪৬ কোটি ৪৯ লাখ ১৯ হাজার টাকা রিজার্ভে রাখা হবে। উল্লেখ্য, ১৫ কোটি ২২ লাখ টাকা পরিশোধিত মূলধনের লিন্ডে বিডির ৪৯৮ কোটি ২৭ লাখ টাকার রিজার্ভ রয়েছে।
