ক্লাসিকো জিতে শীর্ষে রিয়াল

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২২:০৮

বৃষ্টিতে বৃথা গেল মেসিদের চেষ্টা

রিয়াল মাদ্রিদ ২ বার্সেলোনা ১

 স্পোর্টস ডেস্ক

ঝড়ো বৃষ্টি, বজ্রপাত ও কনকনে ঠান্ডার এক রাতে মাদ্রিদের ছোট এক দর্শকবিহীন স্টেডিয়ামে এল ক্লাসিকো। পারিপার্শ্বিকভাবে একদমই আমেজবিহীন এক রাত মনে হলেও, শনিবার ডি স্টেফানো স্টেডিয়ামকে পুরো ৯০ মিনিট মাতিয়ে রেখেছিল দুই স্প্যানিশ পরাশক্তি। এদিনে লা লিগায় মৌসুমের শেষ এক ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ। আক্রমণ, পাল্টা-আক্রমণ, রিয়ালের জোড়া গোল, ম্যাচে ফেরার জন্য শেষদিকে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগানের আক্রমণে উঠে যাওয়া এবং ইলাইশ মোরিবার শেষ শট বারে লেগে ফিরে আসা; প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও মনে রাখার মতো একটি ক্লাসিকো উপহার দিয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব।

ম্যাচের শুরুটা করেছিল বার্সাই। বলের দখল রেখে স্বভাবজাত আক্রমণের চেষ্টা করা লিওনেল মেসিদের ম্যাচের প্রথম প্রতি-আক্রমণেই গোল দিয়ে বসেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা। ১৩ মিনিটে ফুলব্যাক লুকাস ভাসক্যুয়েজের ক্রসে সুনিপুণভাবে পা ছুঁইয়ে বেনজেমা দলকে এগিয়ে যাওয়ার পর ২৮ মিনিটে একটি ফ্রিকিক থেকে গোল করেন মিডফিল্ডার টনি ক্রুস। ডিবক্সের ঠিক বাইরে থেকে নেওয়া সেই ফ্রিকিক জালে জড়ানোর আগে দুই জন বার্সা ফুটবলারের গায়ে লেগে যায়। জবাবে আক্রমণ অব্যাহত রাখা কাতালানরা দ্বিতীয়ার্ধে একটি গোল পরিশোধ করে। প্রতিপক্ষ ডিবক্সে সেন্টার-ব্যাক অস্কার মিনগুয়েজার ফরওয়ার্ডসুলভ চতুরতায় ৬০ মিনিটে নিজেদের একমাত্র গোলটি করে রোনাল্ড কোম্যানের দল। এর আগে প্রথমার্ধে অধিনায়ক মেসি কর্নার থেকে সরাসরি গোল দেওয়ার চেষ্টা করলে তা সাইডবারে লেগে ফিরে আসে। শেষদিকে ম্যানেজার জিনেদিন জিদান মধ্য-সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের কথা চিন্তা করেই হয়তো বেনজেমা-ক্রুস-ভিনিশিয়াসদের তুলে নেন। সেই সুযোগে আক্রমণের মাত্রা আরো বাড়িয়ে দেয় বার্সা। ম্যাচের একদম শেষ আক্রমণে গোলরক্ষকসহ উপরে উঠা বার্সা প্রায় সমতা ফিরিয়েই ফেলেছিল। বদলি খেলোয়াড় হিসেবে নামা ১৮ বছর বয়সি মিডফিল্ডার মোরিবার ক্ষিপ্রগতির শট রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়াকে ফাঁকি দিয়ে ক্রসবারে লেগে ফিরে আসে।

ফরওয়ার্ড হিসেবে নামা উসমান ডেম্বেলের একাধিক সহজ সুযোগ হাতছাড়া করার পাশাপাশি এদিনে বার্সাকে পুড়িয়েছে রেফারির কিছু সিদ্ধান্তও। ম্যাচে একাধিক পেনাল্টির আবেদন করা কাতালানরা এই ম্যাচ থেকে বিনা পয়েন্টে ফিরে এসেছে এটাই মানতে পারছিলেন না ম্যানেজার কোম্যান, ‘যারা খেলা দেখেছে তারা জানে এই ম্যাচের ফলাফল নিয়ে অসন্তুষ্ট হওয়ার অধিকার আছে আমাদের। আমরা প্রথম ৪৫ মিনিটে এতো ভালো খেলিনি, কিন্তু দ্বিতীয়ার্ধে ফিরে এসেছিলাম আমরা। আমার মনে হয়, শেষদিকে একটি পরিষ্কার পেনাল্টি পাওয়ার কথা আমাদের। আমি জানি না কেন সেটা ভিএআরে চেক করা হয়নি।’

এদিকে, চার দিনের ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ জয় বাগিয়ে নেওয়ায় দলের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিদান। শনিবারের ম্যাচটি একটু ‘জটিল’ হলেও এই ম্যাচের জয় তার দলের প্রাপ্যই ছিল বলে মানছেন জিদান।