হবিগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২২:৩৫

হবিগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। গত শনিবার রাতে জেলার লাখাই উপজেলার গুনিপুর গ্রামের নিকট একটি হাওরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের হুমায়ুন (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের আব্দুল হামিদ (৪২)।

গ্রামবাসীরা জানান, শনিবার রাতে গুনিপুর গ্রামের জালাল মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এসময় জালাল মোবাইলে এলাকার লোকজনকে জানালে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতদের ধরতে বের হন। অবস্থা বেগতিক দেখে  ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও  হামিদ ও হুমায়ুন হাওরে জনতার হাতে ধরা পড়ে। উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

লাখাই থানার ওসি সাইদুল ইসলাম দুই জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ হাওর থেকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।