পুলিশ সদস্য ও প্রতিবন্ধী শিশুসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
নরসিংদী :নরসিংদীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোফাজ্জল হোসেন (৩৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর আরোহী ইসমাইল হোসেন। গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সাহেপ্রতাবে এ দুর্ঘটনা ঘটে। তোফাজ্জল নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনার নেহাব গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ সিআইডিতে কর্মরত ছিলেন।
রাঙ্গাবালী (পটুয়াখালী) :রাঙ্গাবালী উপজেলায় মোটরসাইকেল চাপায় রাকিব হোসাইন (১১) নামে প্রতিবন্ধী এক শিশু নিহত হয়েছে। গতকাল উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তুলাতুলি রাখাইন পল্লির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাকিব ঐ ইউনিয়নের মধুখালী আবাসনের মৃত ইসমাইল মিয়ার ছেলে।
কেরানীগঞ্জ (ঢাকা) :কেরানীগঞ্জে শাক্তা ইউনিয়নে মাহফুজা আক্তার (৪৩) নামে এক নারী নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। তিনি দোহারের বিলাসপুর গ্রামের জয়নাল মোল্লার স্ত্রী। গতকাল কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়ন ব্রিজের ঢালের এক কিলোমিটার দূরে চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বড় কোনো গাড়ি সিএনজিটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ :মুন্সীগঞ্জ সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উলটে নারী শ্রমিক লাকি বেগমের (২৫) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১২ জন। গতকাল মুক্তারপুর-দীঘিরপাড় রুটের মদিনা বাজার সংলগ্ন সদর উপজেলার ডাকাততলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। লাকি মিরকাদিম পৌর এলাকার জাকির হোসেনের স্ত্রী। তিনি ঐ এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
স্টাফ রিপোর্টার রংপুর :রংপুর-কুড়িগ্রাম সড়কে মহেন্দ্র-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৩৩) নামে এক আলু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আরো পাঁচ জন মহেন্দ্র যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল নগরীর সাতমাথার অদূরে রথবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইদুল পীরগাছা উপজেলার পারুল ইউপির উত্তর পারুল গ্রামের বাসিন্দা।ত্
