ভোজ্য তেলের আগাম কর প্রত্যাহার

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২২:৪২

ভোজ্য তেল আমদানিতে বিদ্যমান ৪ শতাংশ আগাম কর (এডভান্স ট্যাক্স বা এটি) প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে আমদানিকারকদের বিপুল পরিমাণ টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য এনবিআরের হাতে আর আটকে থাকবে না। গতকাল রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করে এনবিআর। তবে এই সিদ্ধান্তের ফলে ভোজ্য তেলের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেননা আগাম কর কাগজপত্র দেখিয়ে তিন মাস পর ফেরত নেওয়ার সুযোগ এতদিন ছিলো। 

ভোজ্য তেল আমদানিকারক ও বানিজ্য মন্ত্রণালয় চেয়েছিলো, বিদ্যমান তিন স্তরের বদলে এক স্তরে ভ্যাট আরোপের জন্য।  সেক্ষেত্রে দাম কমার সুযোগ ছিলো। কিন্তু এনবিআর ওই পথে হাটেনি। বর্তমানে আমদানি, উত্পাদন ও বিপণন পর্যায়ে ভ্যাট দিতে হয়। অবশ্য অতীতে ভোক্তাদের দেখিয়ে কর কমানোর সুযোগ দেওয়া হলেও সেই সুবিধা ভোক্তার বদলে ব্যবসায়ীদের পকেটে গেছে বলেই আভিযোগ রয়েছে।