বিভিন্ন অপরাধে ৩৬টি প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০০:৩৭

রাজধানীসহ সারা দেশে ৩৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, নকল মাস্ক-স্যানিটাইজার বিক্রি, ওজনে কারচুপিসহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করা হয়।

গতকাল রবিবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা ও মাহমুদা আক্তার এ অভিযান পরিচালনা করেন। এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, করোনা পরিস্থিতিতে ও আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে পণ্যমূল্য নিয়ে কেউ যেন কোনো প্রকার কারসাজি করতে না পারে, সে জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে।