জেএমবির ভারপ্রাপ্ত আমির রেজাউল সাত দিনের রিমান্ডে

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০০:৩৮

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির রেজাউল হক ওরফে রেজা ওরফে তানভীর মাহমুদ ওরফে শিহাব আহনাফের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক এস এম রাইসুল ইসলাম ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় এ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম সাত দিনের রিমান্ডের আদেশ দেন। আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এর আগে শনিবার বিকালে রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে রেজাউল হককে গ্রেফতার করে সিটিটিসি।

 ২০০৫ সালে দেশ জুড়ে সিরিজ বোমা হামলায় রেজাউল হক জড়িত ছিলেন। সিরিজ বোমা হামলার ঘটনায় ঐ বছর গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি। পরে ২০১৭ সালে জামিনে মুক্তি পেয়ে আবারও সাংগঠনিক কাজে সম্পৃক্ত হন।

সিটিটিসির উপপুলিশ কমিশনার আব্দুল মান্নান জানান, জেএমবির ভারপ্রাপ্ত আমিরের পদ ছাড়াও রেজাউল সংগঠনটির দাওয়াহ এবং বায়তুলমাল বিভাগের প্রধান হিসেবে কাজ করতেন। তিনি মূলত জেএমবির শীর্ষ নেতা সালাউদ্দিন সালেহীনের নির্দেশনায় বর্তমানে সংগঠনকে সামনে থেকে নেতৃত্বে দিচ্ছেন। সালেহীন অনেক দিন ধরে দেশের বাইরে পলাতক রয়েছেন।

রেজাউলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিটিটিসি জানায়, দেশব্যাপী সাংগঠনিক সফরের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তিনি। সারাদেশে জেএমবির সদস্যদের কাছ থেকে চাঁদার টাকায় পরিচালিত কথিত বায়তুলমাল তত্ত্বাবধান করেন রেজাউল। এর মাধ্যমে জেএমবির যেসব সদস্য কারাবন্দি তাদের পরিবারকে নিয়মিত অর্থসহায়তা করা হয়। বিভিন্ন সময় অনলাইনে সারাদেশের জেএমবি সদস্যদের মধ্যে মৌলবাদী বিষয় নিয়ে বক্তৃতা দিতেন রেজাউল।