প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গতকাল রবিবার শেরেবাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ভার্চুয়াল প্ল্যাটফরমে ন্যাশনাল ডিফেন্স কলেজের ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২১’ এ অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনডিসি কর্তৃপক্ষ প্রশিক্ষণার্থীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি পরিদর্শন কার্যক্রম গ্রহণ করেছিল। কিন্তু কোভিড পরিস্থিতি বিবেচনায় পরিদর্শনের পরিবর্তে ভার্চুয়াল প্ল্যাটফরমে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। সচিব বলেন, প্রধানমন্ত্রী আধুনিক, উন্নততর ও যুগোপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।
সভায় অংশগ্রহণকারীগণ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের ভূমিকা ও কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষে সংশ্লিষ্ট ফ্যাকাল্টি অফিসার, কোর্স মেম্বার এবং স্টাফ অফিসাররা অনলাইনে সংযুক্ত ছিলেন। সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নিয়ে একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। আইএসপিআর।
