গাজীপুরে ‘শিশু বক্তা’খ্যাত রফিকুল ইসলামের বিরুদ্ধে আরেকটি মামলা

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০০:৪১

মিথ্যা, ভয়ভীতি প্রদর্শন ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অপরাধ সংগঠনে সহায়তা করার অপরাধে বিতর্কিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর (২৭) বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় মামলা হয়েছে। রবিবার সকালে জেলার টেকনাগপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে মো. মোস্তাফিজুর রহমান বাদি হয়ে ডিজিটাল আইনে মামলাটি করেন।

মামলা সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে কিছু বিপথগামী ধর্মীয় লেবাসধারী লোক দেশের শান্তি ও সমৃদ্ধি বিনষ্ট করার লক্ষ্যে বদ্ধপরিকর। কিছু বক্তা ওয়াজ মাহফিলে ধর্মীয় বক্তব্যের আড়ালে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন। তাদের মধ্যে অন্যতম রফিকুল ইসলাম মাদানী ওরফে শিশুবক্তা তার বক্তব্যের মাধ্যমে সাম্প্রতিক দেশে ঘটে যাওয়া সহিংসতার পেছনে অন্যতম হিসেবে কাজ করেছেন। আসামি রফিকুল ইসলাম মাদানী সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নলজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ‘মারকাজুল নূর আল ইসলামিয়া মাদ্রাসায়’ বসে দেশদ্রোহী ও নাশকতার কার্যকলাপ চালান। একই সঙ্গে নাশকতার পরিকল্পনা করেন। তিনি গত ২৫ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে তার বক্তব্যের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিসহ দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে নিয়ে অপমান হেয়প্রতিপন্ন ও মানহানিকর বক্তব্য প্রদান করেন। এছাড়াও দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অপমানজনক বক্তব্য দিয়ে ফেসবুক, ইন্টারনেট ও ইউটিউবে আপলোড করে দেশের বিরাজমান সহিংসতা ও অস্থিরতা সৃষ্টির মূল কারণ হিসেবে কাজ করেছেন। তার এসব বক্তব্যের ভিডিও ইউটিউবে ‘ইসলামিক জীবন’ নামের ফেসবুক পেইজ থেকে আপলোড করা হয়।

উল্লেখ্য, গত বুধবার রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করেন র্যাব সদস্যরা। বৃহস্পতিবার র্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদি হয়ে গাজীপুরের গাছা থানায় এবং এর পর দিন ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে অপর একটি মামলা দায়ের করা হয়।