বৈশাখী ‘পাঁচফোড়ন’

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২১:৩৩

প্রতিবারের মতো এবারো পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত হয়েছে বৈশাখের বিশেষ ‘পাঁচফোড়ন’। পাঁচফোড়ন একটি ভিন্নধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড়যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। টকশোর আঙ্গিকে তৈরি বিশেষ এই বৈশাখী পাঁচফোড়নে দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয়, বিশেষ করে করোনা আক্রান্ত বৈশাখী মেলা, করোনা সচেতনতামূলক বিভিন্ন বক্তব্য, বাংলা নববর্ষ ও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হতে থাকে। তারই ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমত্কার সব রিপোটিং।

এবারের পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় তারকা মীর সাব্বির ও সাজু খাদেম। পাঁচফোড়নে মূল গান রয়েছে ৩টি। একটি গান গেয়েছেন বাউলশিল্পী শফি মণ্ডল। গানটি লিখেছেন এবং সুর করেছেন তিনি নিজেই। সংগীতায়োজন করেছেন মেহেদী। গানটি ঢাকার অদূরে একটি মনোরম লোকেশানে শুটিং করা হয়েছে। কবির বকুলের কথায় একটি গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও তার বন্ধুরা। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। বৈশাখ নিয়ে আর একটি গান গেয়েছেন শিল্পী আকবর উদাসী। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। এবারের পাঁচফোড়নে বেশ ক’টি প্রতিবেদন রয়েছে।

পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়েই বিভিন্ন ধরনের নাট্যাংশ করা হয়। এবারো বৈশাখের ওপর বেশ ক’টি ব্যাঙ্গাত্মক ও রসাত্মক নাট্যাংশ রয়েছে। অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল রাত ৮টায়। পাঁচফোড়ন নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।