বিনোদন ডেস্ক
করোনার কারণে ২ মাস দেরিতে লন্ডনের রয়েল আলবার্ট হলে ভার্চুয়ালি আয়োজিত হলো ২ দিনব্যাপী ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডের আসর। তবে বিজয়ীদের নাম ঘোষণা করতে লালগালিচায় রাখেন বেশ কয়েকজন তারকা। গতকাল অনুষ্ঠানের শেষদিন দেওয়া হয়েছে সেরা ছবি, সেরা নির্মাতা, সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পুরস্কার। ৭৪তম এই আসরে ক্লোয়ি ঝাওয়ের ‘নোম্যাডল্যান্ড’ সিনেমাটির ছিল জয়জয়কার। সিনেমাটি সেরা ছবি ও সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছে। এছাড়া এবারের আসরে সেরা অভিনেত্রী হিসেবে ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড, সেরা অভিনেতা স্যার অ্যান্থনি হপকিন্স, সেরা পার্শ্ব-অভিনেত্রী ইয়া-জাঙ উন, সেরা পার্শ্ব-অভিনেতা ড্যানিয়েল কালুইয়া, রাইজিং স্টার বাকি বাকরে, সেরা অভিষেক হিজ হাউস (রেমি উইকস) পুরস্কার জিতে নেন। এছাড়াও এবারের আসরে পুরস্কার জিতেছে সেরা ব্রিটিশ চলচ্চিত্র প্রমিজিং ইয়াং ওম্যান, ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য প্রেজেন্ট, ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন দ্য আউল অ্যান্ড দ্য পুসিক্যাট, ব্রিটিশ অভিনেতা নোল ক্লার্ক, বিদেশি ভাষার চলচ্চিত্র অ্যানাদার রাউন্ড, সেরা প্রামাণ্যচিত্র মাই অক্টোপাস টিচার, সেরা অ্যানিমেটেড ছবি সৌল, সেরা মৌলিক চিত্রনাট্য প্রমিজিং ইয়াং ওম্যান, সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য দ্য ফাদার, সেরা আবহসংগীত সৌল সেরা চিত্রগ্রহণ নোম্যাডল্যান্ড ও সেরা পোশাক পরিকল্পনা মা রেইনি’স ব্ল্যাক বটম।
