উন্নয়নের ধারাবাহিকতা বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে -------------- আইনমন্ত্রী

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:১৪

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

আমরা বহু কষ্ট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করেছি। উন্নয়নের এই ধারাবাহিকতা আমরা কাউকে নষ্ট করতে দেব না এবং এই ধারাবাহিকতা যারা নষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা বাংলাদেশকে ভালোবাসে তারা অবশ্যই দেশের উন্নয়ন চাইবে। গত রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে খাড়েরা ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ের গৃহ নির্মাণের জন্য খাস জমিতে মাটি ভরাট কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

আশ্রয়ণের ২য় পর্যায়ে উপজেলায় ভূমিহীন অসহায় দরিদ্র পরিবারের জন্য বরাদ্দ দিয়েছে সরকার। এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার খাড়েরা ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ১২.৩৫ একর জায়গা নির্ধারণ করেছেন উপজেলা প্রশাসন। এখানে পর্যায়ক্রমে ভরাট করে ৪৫০টি ভূমিহীন দরিদ্র অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘর প্রদান করা হবে। প্রতি পরিবারকে ২ শতাংশ জায়গাসহ একটি ঘর করে দেওয়া হবে সরকারি অর্থায়নে। এসময় আইনমন্ত্রী অর্ধেক ভর্তুকির মাধ্যমে পাঁচটি হারভেস্টার মেশিন ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী।