ইত্তেফাক রিপোর্ট
করোনায় প্রতিনিয়ত সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। ইতিমধ্যে করোনা আক্রান্ত রোগীর চিকিত্সা সংকট করোনার ভয়াবহতাকে আরো গভীর সংকটে নিয়ে গেছে। জাতীয় জীবনের জটিল পরিস্থিতিতে আগামী ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের বিষয়ে হেফাজত নেতার মনগড়া মন্তব্য জাতীয় নিরাপত্তা, শৃঙ্খলা ও শাসনতন্ত্র পরিপন্থি এবং দেশের মানুষের জীবন নিয়ে তামাশা করার শামিল বলে মন্তব্য করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ।
গতকাল সোমবার এক লিখিত বিবৃতি সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেন, এরা ধর্মের লেবাসে সাধারণ মানুষের আবেগ কাজে লাগিয়ে পবিত্র ধর্মকে অবমাননা করে এখন বেসামাল হয়ে উঠেছে। নিজেদের অপকর্ম আড়াল করার হীনমানসে ধর্মের অপব্যাখ্যা দিতেও এরা এখন কুণ্ঠাবোধ করছে না। তারা এই অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দেশের অগ্রযাত্রার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার পাশাপাশি ধর্মের নামে উগ্রবাদীদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা।
