সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ দুই জনের মৃত্যু

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:২১

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় হাসান নামের এক ট্রলিচালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ও সিটি করপোরেশনের সীমান্ত এলাকায়। ট্রলিটি একটি গাড়িকে সাইড দেওয়ার সময় পাশে রক্ষিত খোয়ার স্তূপে উঠে গেলে সামনের ইঞ্জিনের চাপে ঘটনাস্থলে মারা যান হাসান। গজঘণ্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার পর গঙ্গাচড়া ও হারাগাছ থানা পুলিশের সম্মতিতে লাশ দাফন করা হয়েছে।

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, ছাতকে রবিবার রাত ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় রেনু ইসলাম (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি ছাতক সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। কালারুকা বাজার থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালপাড় ব্রিজ থেকে নিচে পড়ে আহত হন রেনু ইসলাম। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।