সরাইলে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় গ্রেফতার ৩

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:২২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের অরুয়াইল ক্যাম্পে হামলার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে সরাইল উপজেলার অরুয়াইল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুস সাত্তার, অরুয়াইল গ্রামের যোবায়ের ও সানাউল্লাহ। তাদের ক্যাম্পে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুর রহমান জানান, মিছিল এবং তাণ্ডবের সঙ্গে ঐ তিন জন জড়িত ছিল। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় আব্দুস সাত্তারের মদত ছিল। এছাড়া হেফাজতের যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৭ মার্চ বিকালে অরুয়াইল ও পাকশিমুল গ্রাম থেকে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের বের করা মিছিল থেকে অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলা চালানো হয়। এতে অন্তত ২৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ৩১ মার্চ পুলিশ বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করে।