চামড়া শিল্পপ্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনের সময় বাড়ল

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:২৫

 

ইত্তেফাক রিপোর্ট

সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত চামড়া শিল্পপ্রতিষ্ঠানের বিশেষ সুবিধার আওতায় ঋণ পুনর্গঠন ও পুনঃ তপশিল সময় তিন মাস বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ৩০ জুন পর্যন্ত ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে এ সুবিধা নিতে পারবে প্রতিষ্ঠানগুলো। এর আগে সময়সীমা ছিল ৩১ মার্চ পর্যন্ত।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়, দ্বিতীয় দফায় কোভিড-১৯-এর বিরূপ প্রভাব দেখা দেওয়ায় ঋণ গ্রহীতাদের ব্যবসা পুনরায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পুনর্গঠন/পুনঃ তপশিলসুবিধা গ্রহণে ইচ্ছুক গ্রাহকদের ডাউন পেমেন্টের অর্থ নগদে জমাদান সাপেক্ষে আবেদন দাখিলের জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানো হলো। এর আগে গত ৬ জানুয়ারি দেওয়া নির্দেশনায় বলা হয়েছিল, ২০২০ সা?লের ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণ স্থিতির ন্যূনতম ২ শতাংশ অর্থ ডাউন পেমেন্ট হিসাবে নগদে আদায় সাপেক্ষে এক্সিট-সুবিধা দেওয়া যাবে।

এক্ষেত্রে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যেসব প্রতিষ্ঠানের ঋণ স্থিতি ৫ কোটি টাকা পর্যন্ত, সেসব প্রতিষ্ঠানকে দায়-দেনা পরিশোধের জন্য সর্বোচ্চ তিন বছর এবং যেসব প্রতিষ্ঠানের ঋণ স্থিতি ৫ কোটি টাকার বেশি, তাদের দায়-দেনা পরিশোধের জন্য সর্বোচ্চ পাঁচ বছর সময় দেওয়া যাবে। পরে পুনর্গঠন বা পুনঃ তপশিলসুবিধা গ্রহণে ইচ্ছুক গ্রাহক নগদে ডাউন পেমেন্টের অর্থ পরিশোধ করে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল।  নতুন নির্দেশনায় এ সময় তিন মাস বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।