ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্যারিসে নয়্যাররা

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:২৮

  স্পোর্টস ডেস্ক

সেমিফাইনালের টিকিট পেতে হলে আজকে আবার প্যারিস জয় করতে হবে জার্মানদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ মউরিসিও পচেত্তিনোর পিএসজির মুখোমুখি হচ্ছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আক্রমণাত্মক ফুটবল খেলে এবং পিএসজির রক্ষণের ‘সমস্যা’কে কাজে লাগিয়ে বায়ার্ন প্রথম লেগের ২-৩ গোলের পরাজয়কে পিছনে ফেলতে পারবে বলে বিশ্বাস করছেন দলীয় অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। দিনের অপর কোয়ার্টারে চেলসির মুখোমুখি হচ্ছে পোর্তো।

ঘরের মাঠে প্রথম লেগে শুরুতেই নেইমার-এমবাপেদের কাছে দুই গোল খেয়ে বসলেও লম্বা পাসে পিএসজির রক্ষণকে ঘায়েল করে আবার ঠিকই ম্যাচে ফিরেছিল বাভারিয়ানরা। শেষ পর্যন্ত এক গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়লেও আজকে দল আবার ঘুরে দাঁড়াবে বলে নয়্যারের বিশ্বাস, ‘আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। কিন্তু ভেতরে আগুন নিয়ে খেলতে হবে। এত দ্রুতগতির খেলোয়াড়দের সামনে স্থিতিশীলতা ধরে রাখতে হবে। আক্রমণাত্মক ফুটবল খেলে ওদের চাপে ফেলে দিতে হবে আমাদের। ওদের রক্ষণে সমস্যা আছে। মিউনিখে যে কয়টা সুযোগ তৈরি করেছি আমরা, ঐ পরিমাণ সুযোগ তৈরি করতে পারলেই হবে।’এদিকে পিএসজি শিবির আগের লেগের মতোই আত্মবিশ্বাসী। এমবাপের জোড়া গোল ও নেইমারের জোড়া এসিস্টে প্রথম লেগে জয় পাওয়ার পর আজও এই দুই তারকার দিকেই তাকিয়ে থাকবে ফরাসি দলটি। আজকে না হারলেই টানা দ্বিতীয়বারের মতো সেমির টিকিট নিশ্চিত করবে নেইমাররা।