ফিরে গেল প্রোটিয়া নারী দল

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:২৮

স্পোর্টস রিপোর্টার

ওয়ানডে সিরিজটি ছিল পাঁচ ম্যাচের। করোনা ভাইরাসের ধাক্কা সামলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চারটি ওয়ানডে খেলেছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। বাংলাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এবং কাল থেকে দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের কারণে সিলেটে দুই দলের সিরিজের শেষ ম্যাচটি বাতিল হয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ড সম্মত হয়েই এ সিদ্ধান্ত নিয়েছে। আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের পঞ্চম ওয়ানডে।

গতকাল সিলেট থেকে একই ফ্লাইটে ঢাকায় এসেছে বাংলাদেশ ও প্রোটিয়া নারী দল। সার্বিক পরিস্থিতির কারণে শেষ ম্যাচ না খেলেই গতকাল বাংলাদেশ ত্যাগ করেছে সফরকারীরা। সিরিজের মূল সূচি অনুযায়ী ১৪ এপ্রিল যাওয়ার কথা ছিল তাদের। সিলেটে সিরিজের চারটি ওয়ানডে ম্যাচই জিতেছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। ৪-০ তে সিরিজ জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। অপেক্ষাকৃত অনভিজ্ঞ প্রোটিয়ারা বলার মতো প্রতিরোধ গড়তে পারেনি মাঠের লড়াইয়ে। চার ম্যাচের দুটিতে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। করোনার লম্বা বিরতি শেষে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। তার পরই প্রোটিয়াদের বিরুদ্ধে হোম সিরিজে টানা চার ম্যাচ জিতেছে বাংলাদেশের মেয়েরা। বিদেশি হেড কোচ ছাড়াই চলছে নারী দল। গতকাল ঢাকায় ফিরে সালমা-রুমানারাও ফিরে গেছেন নিজেদের বাড়িতে।