দেশের ক্রিকেট, ক্রিকেটাঙ্গনের সংশ্লিষ্টদের কল্যাণে গত ১৩ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল পিচ ফাউন্ডেশন। আবির্ভাবেই সবার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল সংগঠনটি। কয়েক মাসের মধ্যেই নিজেদের অঙ্গীকার পূরণে নজির রাখছে পিচ ফাউন্ডেশন। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত আম্পায়ার নাদির শাহ ও ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পাশে দাঁড়িয়েছে এ সংগঠন। দুই জনকেই ২ লাখ টাকা করে আর্থিক অনুদান দিয়েছে পিচ ফাউন্ডেশন। জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় নাদির শাহর হাতে, সাবেক ক্রিকেটার ইফতেখার আহমেদ মিঠু মোশাররফ হোসেন রুবেলের হাতে সম্প্রতি অনুদানের চেক তুলে দেন।
