একদিকে করোনা, অন্যদিকে ক্ষুধা, বেকারত্ব ও মন্দায় নাকাল ব্রাজিলবাসী। করোনা পরিস্থিতি দিনদিন সেখানে ভয়ানক আকার ধারণ করেছে। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। —আল জাজিরা
দেশটির সাও পাওলোর পূর্বাঞ্চলীয় জারদিম কেরালাক্সের বাসিন্দা আনা মারিয়া নগুইরা। প্রতিবন্ধী স্বামী এরালদোকে নিয়ে বসবাস তার। চুলায় কিছু একটা তুলে দিয়ে অপেক্ষা করছেন। বলেন, ‘এ বছরও আমাদের খাবারের কষ্টে ভুগতে হবে। গত বছর ডিসেম্বরে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, মহামারিতে প্রায় ১১ কোটি ৭০ লাখ মানুষ অর্থাত্ দেশটির অর্ধেকের বেশি জনগোষ্ঠী খাদ্যের অনিশ্চয়তায় ভুগেছেন। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অধিক মাত্রার বেকারত্ব, সামাজিক অনুষ্ঠানাদি কমে যাওয়া এবং খাবারের মূল্যবৃদ্ধি এই সমস্যার কারণ। গবেষণার সমন্বয়কারী ব্রাজিলের পুষ্টি সুরক্ষা গবেষণা নেটওয়ার্কের প্রেসিডেন্ট রেনাতো মালুফ বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা, আগে থেকেই এমনটি অনুমান করা হয়েছিল। সবচেয়ে ভয়ের বিষয়—পরিস্থিতি সামনে আরো খারাপ হচ্ছে।
কংগ্রেসম্যান এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলেসান্দ্রো পাদিলহা বলেন, ‘করোনাকালে ক্রমবর্ধমান ক্ষুধা ও খাদ্য অনিশ্চয়তা বেশ উদ্বেগজনক। এই অবস্থায় কাজের সন্ধানে যেতে বাধ্য হওয়ায় মানুষ সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন।’ এদিকে সংক্রমণের দিক দিয়ে দেশটি তৃতীয় স্থানে নেমে এলেও মৃত্যুর দিক থেকে এখনো দুইয়ে রয়েছে। এখন পর্যন্ত সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫২৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫৩ হাজার ২৯৩ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৮০ হাজার ৮০৩ জন।
