মসজিদে তারাবিসহ ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ২০ মুসল্লি

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:৫১

আগামীকাল বুধবার থেকে সর্বাত্মক লকডাউনে যাচ্ছে দেশ। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে এবারও পবিত্র মাহে রমজানে মসজিদে তারাবি ও ওয়াক্তিয়া জামাতে মুসল্লির সংখ্যা বেঁধে দিয়েছে সরকার। গতকাল সোমবার ধর্ম মন্ত্রণালয় এক নির্দেশনায় জানিয়েছে, যে কোনো মসজিদে তারাবিতে খতিব, ইমাম ও হাফেজসহ সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বুধবার বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে, তাহলে আজ মঙ্গলবার থেকে শুরু হবে তারাবি পড়া। আজ জাতীয় চাঁদ দেখা কমিটি সেই সিদ্ধান্ত জানাবে। কোভিড-১৯ মহামারির কারণে গত বছরের এই সময়েও মসজিদে জমায়েত সীমিত করে দিয়েছিল সরকার। এই সময়ে মসজিদে কী করতে হবে, গতকাল  সোমবার সেই নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়, যা ১৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে। নির্দেশনায় বলা হয়েছে, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন। তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন। জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশ নেবেন। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।