প্রিন্স ফিলিপ, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামীকে শ্রদ্ধা জানালেন তার দুই নাতি প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। তবে প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল আগামী শনিবারের শেষকৃত্যে অংশ নিচ্ছেন না। করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না। এদিকে পার্লামেন্টের অধিবেশন শুরু হয় প্রিন্স ফিলিপের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। খবর বিবিসি ও ডেইলি মেইলের
পৃথক বার্তায় দাদা প্রিন্স ফিলিপের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডিউক অব ক্যাম্ব্রিজ প্রিন্স উইলিয়াম এবং ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি। প্রিন্স উইলিয়াম দাদা ডিউক অব এডিনবারাকে ‘একজন অসাধারণ মানুষ’ হিসেবে উল্লেখ করেছেন। আর প্রিন্স হ্যারি দাদাকে ‘একজন দায়িত্ববান মানুষ’ ও ‘হাস্যরসের কিংবদন্তি’ হিসেবে অভিহিত করেছেন। গত শুক্রবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৭৩ বছরের জীবনসঙ্গী ডিউক অফ এডিনবারা ৯৯ বছর বয়সে উইন্ডসর প্রাসাদে মারা যান। ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসে কোনো রাজা বা রানির এত দীর্ঘসময়ের জীবনসঙ্গী আর কেউ ছিলেন না। উইন্ডসর কাসেলের নিজস্ব চ্যাপেল সেন্ট জর্জেস চ্যাপেলে ডিউক অব এডিনবারার মরদেহ শায়িত রাখা হয়েছে। প্রাসাদ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ এপ্রিল বিকেলে প্রিন্স ফিলিপের শেষ কৃত্য অনুষ্ঠিত হবে।
দাদার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রিন্স উইলিয়াম বলেন, আমার দাদা তার শত বছর জীবন ধরে যুক্তরাজ্য, কমনওয়েলথ, ব্রিটেনের রানি এবং পরিবারের প্রতি দায়িত্ব পালন করে গেছেন। তার দৃষ্টান্ত অনুসরণ করে নিজেকে পরিচালিত করতে পেরে আমি শুধু ভাগ্যবানই নয় বরং আমার জীবনজুড়ে ভালো এবং খারাপ উভয় সময়ই তিনি উপস্থিতি থাকবেন। তার স্ত্রী ক্যাথরিন তার দাদার চাওয়া মতো কাজ করবে এবং রানিকে সহযোগিতা করবে বলেও উল্লেখ করেন তিনি। বিবৃতিতে প্রিন্স হ্যারি বলেন, আমি তোমাকে মিস করব দাদা। আমি জানি তুমি আমাদের তোমার কাছে চাইতে। এর আগে ব্রিটিশ রাজ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি পিতামহ প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেনে পৌঁছান। স্থানীয় সময় রবিবার ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে লস অ্যাঞ্জেলস থেকে লন্ডনে পৌঁছান তিনি।
থাকবেন না মেগান মার্কেল
২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে স্থায়ীভাবে বসবাস করছেন ৩৬ বছর বয়সী প্রিন্স হ্যারি এবং তার ৩৯ বছর বয়সী স্ত্রী মেগান মার্কেল। শারীরিক কারণেই তার স্ত্রী মেগান ফিলিপের শেষকৃত্যে যোগ দিতে পারবেন না বলে ব্রিটিশ রাজপ্রাসাদের পক্ষে জানানো হয়েছে।
