লকডাউনে চলাচলে লাগবে পুলিশের ‘মুভমেন্ট পাস’

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০০:১৫

করোনা সংক্রমণ রোধে ‘সর্বাত্মক বিধিনিষেধ’ বলবত্ থাকালীন জরুরি প্রয়োজনে রাস্তাঘাটে চলাচলের জন্য এবার নিতে হবে পুলিশের ‘মুভমেন্ট পাস’ দেবে। সড়কে কোথাও চলাচলের কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এ পাস দেখালেই তার পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেওয়া হবে। নির্দিষ্ট একটি অ্যাপের মাধ্যমে আবেদন করে যে কোনো নাগরিক জরুরি প্রয়োজনে এই মুভমেন্ট পাস নিতে পারবেন। গত বছর এমন একটি উদ্যোগ নেওয়া হলেও তা তেমন কার্যকর হয়নি। এবার পুলিশ বিষয়টি বাস্তবায়ন করতে একটি বিশেষ অ্যাপ চালু করবে। আজ মঙ্গলবার এ অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল সোমবার বিকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, করোনা ভাইরাস সংক্রমণ রুখতে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী সারা দেশ কঠোরভাবে লকডাউনে যাচ্ছে। লকডাউন বাস্তবায়নে কঠোর ভূমিকা পালন করবে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় জনমানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে লাগবে এই পাস। যে কেউ তার প্রয়োজনের বিষয় জানিয়ে এ অ্যাপে আবেদন করলেও যৌক্তিক কারণে নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করতে পাওয়া যাবে পাস।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিত্সা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয় পর্যটন, মরদেহ সত্কার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিসহ মোট ১৪টি ক্যাটাগরিতে এই পাস দেওয়া হবে। প্রয়োজনীয় তথ্য প্রদানের পর শর্তসাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য অনুমতি দেওয়া হবে। প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে। একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য দুটি আলাদা পাসের আবেদন করতে হবে। পুলিশের এই ‘মুভমেন্ট পাস’ নিতে movementpass.police.gov.bd এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে ইস্যু করা পাসটিতে যাতায়াতের যাবতীয় তথ্য থাকবে। একই সঙ্গে একটি কিউআর কোড স্ক্যানার থাকবে, যা স্ক্যান করে বিভিন্ন চেকপোস্টে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা সহজেই অনুমতিপ্রাপ্ত ব্যক্তির যাতায়াত নিশ্চিত করতে পারবেন।