রাজধানীতে দুই গৃহশ্রমিকের লাশ উদ্ধারের ঘটনায় গৃহশ্রমিক অধিকার নেটওয়ার্কের উদ্বেগ

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০০:১৬

রাজধানীতে পিলখানার ভেতরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের কাছ থেকে লাইলি বেগম (১৬) এবং সিদ্ধেশ্বরীতে জামেনা বেগম (১৯) নামের দুই গৃহকর্মীর লাশ উদ্ধারের ঘটনায় ‘গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক’ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল সোমবার গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সদস্য সচিব নাজমা ইয়াসমীন স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে এ কথা জানানো হয়।

জানা যায়, লাইলি বেগম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষিকা ফারজানা ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। নিহতের চোখ, মুখ, কোমর, হাঁটুসহ পায়ের বিভিন্ন স্থানে ক্ষত, পোড়া, ঝলসানো আঘাত ও নির্যাতনের চিহ্ন রয়েছে। অপরদিকে গৃহকর্মী জামেনা সিদ্ধেশ্বরীর একটি ফ্ল্যাটে কাজ করতেন। তিনি যে ঘরে ঘুমাতেন, সেই ঘরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছিল তার লাশ। নেটওয়ার্ক এ দুটি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিচার করে এ ধরনের ঘটনা বন্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, সরকার ঘোষিত ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ বাস্তবায়ন না হওয়ায় দেশে এ ধরনের ঘটনা বেড়েছে।