করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচন নির্ধারিত সময়ের পরবর্তী ৯০ দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৬ জুলাইয়ের মধ্যে আসনটিতে উপ-নির্বাচন করতে হবে।
ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৩-এর দফা (৪) অনুযায়ী জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ শূন্য আসনে আগামী ২৭ এপ্রিল ২০২১ তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান থাকায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১১(১) অনুচ্ছদের ক্ষমতাবলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত শূন্য আসনে ১১ এপ্রিল ২০২১ তারিখে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত ৪ মার্চ ২০২১ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় ০৭ মার্চ ২০২১ তারিখে প্রকাশিত হয়। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতিতে জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ শূন্য আসনের নির্বাচন সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপন স্থগিত করা হলো।
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪)-এর শর্তানুসারে দেশে করোনা সংক্রমণ দৈব-দুর্বিপাকজনিত কারণে নির্ধারিত মেয়াদের মধ্যে উল্লিখিত শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হইবে না বলিয়া প্রধান নির্বাচন কমিশনার মনে করেন। এমতাবস্থায় জাতীয় সংসদের ২৭৫ লক্ষ্মীপুর-২ শূন্য আসনে নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হইবে না বিধায় পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে অনুষ্ঠিত হইবে। নির্বাচনের সময়সূচি পরবর্তীতে যথাসময়ে ঘোষণা করা হইবে।’
একাদশ জাতীয় সংসদে এ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল। গত ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালত পাপুলকে কারাদণ্ডে দণ্ডিত করায় লক্ষ্মীপুর-২ আসনটি ২২ ফেব্রুয়ারি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আসন শূন্য ঘোষণা গেজেট নির্বাচন কমিশনে পাঠানো হলে গত ৩ মার্চ উপনির্বাচনের তপশিল দেয় ইসি।
