করোনায় আক্রান্তে ব্রাজিলকে ছাড়িয়ে দ্বিতীয় ভারত

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০১:০৮

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সারা বিশ্ব। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সংক্রমণের সংখ্যায় ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে চলে গেছে ভারত। দেশটিতে এক দিনে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড ভাঙা অব্যাহত রেখেছে।  খবর আলজাজিরা ও আনন্দবাজার পত্রিকার

করোনা ভাইরাস মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এরপরই অনেকদিন ধরে দ্বিতীয় অবস্থানে ছিল ভারত। বেশ কয়েক দিন আগে ব্রাজিলে করোনা সংক্রমণ মারাত্মক হারে বেড়ে যাওয়ায় ভারতকে টপকে যায় দেশটি। গত দুই দিন ভারতে করোনায় এক দিনে সংক্রমণের নতুন রেকর্ড গড়েছে। যার ফলে ব্রাজিলকে পেছনে ফেলেছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৭১৭ জন এবং মারা গেছে ১ লাখ ৭০ হাজার ১৭৯ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩ জন এবং মারা গেছে ৩ লাখ ৫৩ হাজার ২৯৩ জন। গতকাল সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ২৯ লাখ ৪৯ হাজার ২৭৯ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩৫২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৬২০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ২ কোটি ৩৮ লাখ ২০ হাজার ৪৫৩ জন।

ভারতে গত ছয় দিন ধরে টানা ১ লাখ ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ। ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯১২ জন। এক দিনে আক্রান্তের নিরিখে যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯০৪ জনের। গত বছর অক্টোবরের প্রথম সপ্তাহের পর ফের এত জনের মৃত্যু হলো এক দিনে।