সিসিমপুরের ১৭ বছরে পদার্পণ

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২১:২০

 বিনোদন রিপোর্ট

 

শিশুদের বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুর সফলতার সঙ্গে ১৬ বছর পেরিয়ে আগামীকাল ১৭ বছরে পদার্পণ করছে। জনপ্রিয় এই অনুষ্ঠানটি প্রথম প্রচারের দিন হিসেবে প্রতিবছর ১৫ এপ্রিল তারিখটিকে ‘সিসিমপুর দিবস’ হিসেবে উদযাপন করা হয়।

বর্তমানে সিসিমপুরের ১৩তম সিজনের প্রচার চলছে। জনপ্রিয় এই অনুষ্ঠানটি দুরন্ত, মাছরাঙা ও বিটিভিতে প্রচারিত হচ্ছে। তিনটি টেলিভিশনের মাধ্যমে সারাদেশের প্রায় ১ কোটি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করছেন। এছাড়া প্রতিবছর অমর একুশে গ্রন্থমেলায় শিশুদের কাছে অন্যতম আকর্ষণের বিষয়ে পরিণত হয়েছে সিসিমপুর। সিসিমপুরের ১৬ বছরপূর্তি উপলক্ষে এর নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘১৬ বছর ধরে শিশুতোষ এই অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে শিশুদের প্রারম্ভিক শিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যকে সামনে রেখে। সামনের দিনগুলোতে পারস্পরিক শ্রদ্ধা, মমত্ববোধ, অভিনবত্ব ও বৈচিত্র্যসহ দেশের সকল মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার বিষয়ে আরো গুরুত্ব দেবে সিসিমপুর।’