ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে নতুনভাবে যুক্ত হলো আরো পাঁচটি নতুন সেবা। গতকাল মঙ্গলবার এক ভার্চুয়াল সভায় সভাপতি হিসেবে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সেবাসমূহের শুভ উদ্বোধন করেন। এর ফলে এখন থেকেই বিনিয়োগকারীরা বিডা ওয়েব পোর্টালের মাধ্যমে অতিদ্রুত সহজেই অনলাইনে ৪৭টি সেবাপ্রাপ্ত হবেন।
নতুন যুক্ত হওয়া সেবাগুলোর মধ্যে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন প্রদান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির অধীনে বিদ্যুত্ সংযোগ প্রদান সুবিধা, বিডার অধীনে দ্বিতীয় আইআরসির সুপারিশ প্রদান।
সভায় বিদ্যুত্ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান প্রধান অতিথি এবং এনবিআরের সদস্য জাকিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মো. হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করার জন্য দ্রুত বিদ্যুেসবা দেওয়ার বিকল্প নেই। আমরা সব সময় বিনিয়োগকারীদের নিরবচ্ছিন বিদ্যুত্ সরবরাহ করার জন্য কাজ করে যাচ্ছি।’
আজ বিডার অনলাইন মাধ্যমে তিনিটি বিদ্যুত্ কোম্পানির সেবা যুক্ত হওয়ার ফলে বিনিয়োগকারীরা সহজেই ৭ থেকে ২৮ দিনের মধ্যে বিদ্যুতের সংযোগ পাবেন। শুধু তাই নয়, এখন থেকে অনলাইনের মাধ্যেমে বিনিয়োগকারীদের যাবতীয় অভিযোগ ও দ্রুত নিষ্পত্তি করা হবে।
এনবিআরের সদস্য জাকিয়া সুলতানা বলেন, বিডা অনলাইন সার্ভিস পোর্টালে অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন প্রদান সেবা যুক্ত হওয়ায় বিনিয়োগকারীরা অতিদ্রুত ঘরে বসেই এই সেবা পাবেন, যার ফলে বিনিয়োগ হবে আরো সহজ ও দ্রুত।
