ইত্তেফাক রিপোর্ট
চলতি ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত এই ৯ মাসে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) ৪১ দশমিক ৯২ শতাংশ বাস্তবায়ন হয়েছে। বাস্তবায়নের এই হার বিগত সময়ের তুলনায় অনেক কম। গত পাঁচ অর্থবছরের এডিপি বাস্তবায়নের চিত্রে দেখা যায়, এই ৯ মাসে গড়ে ৪৫ ভাগের ওপরে বাস্তবায়ন হয়েছিল। এবার বাস্তবায়ন হার অনেক কমে গেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি বছরের এই ৯ মাসে টাকার অংকে ৮৭ হাজার ৭৩৪ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় করতে পেরেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো। গত বছর ব্যয় হয়েছিল ৯০ হাজার ৭০৪ কোটি টাকা বা বরাদ্দের ৪৫ শতাংশ। সে হিসেবে টাকার অংকেও বাস্তবায়ন কমেছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, করোনা প্রভাবে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের গতি কমেছে। উন্নয়ন প্রকল্পে গতি বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার পরেও এই ধীরগতি লক্ষ্য করা গেছে। অর্থবছর শেষ হতে বাকি আর মাত্র তিন মাস। এজন্য বাকি সময়ে অর্থ ব্যয়ের চাপ থাকবে। প্রতি বছরই অর্থবছরের শেষ দিকে বেশি ব্যয় হয়ে থাকে। এবার সেই চাপ আরো বাড়বে।
সব মিলিয়ে চলতি অর্থবছর সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ২ লাখ ৯ হাজার ২৭২ কোটি টাকা। এই বরাদ্দের মধ্যে মার্চ পর্যন্ত সরকারের নিজস্ব তহবিল (জিওবি) হতে ব্যয় হয়েছে ৫৫ হাজার ৭৭৫ কোটি টাকা বা জিওবি বরাদ্দের ৪১ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে প্রকল্পসহায়তা হতে ব্যয় হয়েছে ২৯ হাজার ৪৯৫ কোটি টাকা বা ৪৬ দশমিক ৮২ শতাংশ।
আইএমইডির হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গত ৯ মাসে বরাদ্দের শীর্ষে থাকা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়ন করেছে বরাদ্দের ৪৪ দশমিক ১৪ শতাংশ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৩৮ দশমিক ৬১ শতাংশ, বিদ্যুত্ বিভাগ ৫১ দশমিক ৬২ শতাংশ, রেলপথ মন্ত্রণালয় ৪৯ দশমিক ৬১ শতাংশ, স্বাস্থ্যসেবা বিভাগ মাত্র ২০ দশমিক ৯৯ শতাংশ অর্থ ব্যয় করতে পেরেছে। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৫৪ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৩৬ দশমিক ২২ শতাংশ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৪৯ দশমিক ৭৬ শতাংশ, পানিসম্পদ মন্ত্রণালয় ৩৬ দশমিক ৮১, সেতু বিভাগ ৫১ দশমিক ১৩ শতাংশ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাস্তবায়ন করতে পেরেছে বরাদ্দের ২৭ দশমিক ৯১ শতাংশ।
