ঈশ্বরদীতে ধান শুকিয়ে চিটা!

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২২:০৯

‘মন্দ হাওয়া’ ও ব্লাস্ট রোগ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

বুক ভরা স্বপ্ন নিয়ে কৃষক ধান চাষ করেছিলেন। আর মাত্র ১৫-২০ দিন পরই ধান কেটে ঘরে তোলার কথা। কিন্তু ‘মন্দ হাওয়া’ ও ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে কৃষকের স্বপ্নের ধান শুকিয়ে চিটা হয়ে গেছে। ঈশ্বরদী উপজেলার বিভিন্ন মাঠের ধানই ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। ফলে চলতি বোরো মৌসুমে উত্পাদনের লক্ষ্যমাত্রা  কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষক।

উপজেলার আমিনপাড়া এলাকার কৃষক জুলহাস উদ্দিন জানান, গরম বাতাসে ধান নষ্ট হওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি। সব ঠিকঠাক মতোই চলছিল। ১০ এপ্রিল সকালে কৃষকরা মাঠে গিয়ে দেখেন ‘মন্দ হাওয়া’ এবং ব্লাস্ট রোগে তাদের সর্বনাশ হয়েছে। ধানের শীষ চিটায় পরিণত হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল লতিফ জানান, চলতি বছর উপজেলায় ২ হাজার ৫২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। হঠাত্ করেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি অতিক্রম করায় দুর্ভাগ্যবশত পরাগায়ন ঘটার সময় গরম বাতাস প্রবাহিত হয়েছে। এর প্রভাবে ঈশ্বরদীতে প্রায় ১৫-২০ শতাংশ জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। বাকি ধান রক্ষার জন্য জমিতে সব সময় পানি রাখা এবং বিঘাপ্রতি ১০ লিটার পানির সঙ্গে ১০ গ্রাম ‘এমওপি’ ও ‘হিয়োভিট’ স্প্রে করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। ঈশ্বরদীতে এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলেই ধারণা করা হচ্ছে বলে এই কৃষি কর্মকর্তা জানিয়েছেন।