দক্ষিণ কোরিয়ায় এখন থেকে ঘরে বসেই করা যাবে করোনা পরীক্ষা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার সেলফ টেস্ট কিট ব্যবহারের অনুমোদন দিয়েছে। ফলে যে কেউ চাইলেই এসব কিট দিয়েই নিজের করোনা পরীক্ষা করতে পারবেন। এএফপি
তবে এসব কিটের নির্ভুলতা তুলনামূলকভাবে কম। সে কারণে অনেকেই এসব কিটের ওপর কম আস্থা রাখেন। রাজধানী সিউলের নতুন মেয়র সেলফ কিটের অনুমোদন দেওয়ার আহ্বান জানানোর পরই কর্তৃপক্ষ এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাল। শুরু থেকেই সেলফ টেস্ট কিটের অনুমোদন দিতে চাইছিল না কর্তৃপক্ষ। পিসিআর টেস্টের চেয়ে সেলফ টেস্ট কিটের নির্ভুলতা কম থাকাও একটি কারণ। তাছাড়া দেশ জুড়ে প্রায় সবখানে পিসিআর টেস্ট করার সুযোগ আছে। কর্তৃপক্ষ বলছে, সেলফ টেস্ট কিটে নেগেটিভ রিপোর্ট আসার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় বেশ কিছু স্থানীয় সরকারপ্রধান ও বিশেষজ্ঞ সেলফ টেস্ট কিট ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে সংক্রমণের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৬৮৮। এর মধ্যে মারা গেছে ১ হাজার ৭৭৫ জন। প্রথম থেকেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়া। এর সুফলও পেয়েছে তারা। কিন্তু নতুন করে আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে।
