অবশেষে ঢাকা ছেড়েছেন
বাকি পাঁচ জন
স্পোর্টস রিপোর্টার
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে গত সোমবার করা করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছিল দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী দলের পাঁচ সদস্যের। যেখানে ছিলেন চার ক্রিকেটার ও এক কর্মকর্তা। মাঝ রাতে পাওয়া রিপোর্টের কারণে সোমবার দিবাগত রাত ভোর ৪টায় সতীর্থদের সঙ্গে দেশে ফিরতে পারেননি তারা। পজিটিভ হওয়ায় তাদেরকে রাখা হয়েছিল আইসোলেশনে।
কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে গেছে সবকিছু। গতকাল সকালে উত্তরার একটি হোটেলে আইসোলেশনে থাকা অবস্থায় ঢাকায় আবারও করোনা পরীক্ষা করা হয় সফরকারী দলের ঐ পাঁচ সদস্যের। এবার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে তাদের। নেগেটিভ হওয়ায় আতঙ্ক কাটিয়ে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ ছেড়েছেন তারা। বিসিবির লজিস্টিকস বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন প্রোটিয়ারা।
